প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৮:১৩ (সোমবার)
অটোরিকশা-কাভার্ডভ্যানের সং*ঘ*র্ষে নারী-শিশুসহ প্রাণ গেল ৩ জনের

সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
 

রবিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কবলে পড়া কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮