ছবি: সংগৃহিত
পুড়ছে সিলেট। ভাদ্রের এ সময়টাতে এসে বৃষ্টি নেই। গরম অসহনীয়। সঙ্গে তীব্র লোডশেডিং। কি শহর কি গ্রাম, সর্বত্র একই অবস্থা! অতিষ্ঠ জনজীবন।
সোমবার (৩০ আগস্ট) সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি ছিল একেবারেই নাজুক। প্রচন্ড গরমে বিদ্যুতের ঘনঘন যাতায়াত মানুষের কষ্ট বাড়িয়েছে কয়েকগুণ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগরী ও আশাপাশ এলাকায় এক ফোটাও বৃষ্টি ঝরেনি।
অসহনীয় গরমের সাথে লোডশেডিং ছিল মারাত্মক পর্যায়ে। একটু পরপর বিদ্যুৎ গেছে। যখন গেছে তখন আর ফেরার নাম ছিলনা। অবস্থা এমন যে, ফ্রিজে রাখা খাবার-দাবারও নষ্ট হয়েছে অনেকের।
সকাল থেকে তীব্র গরমের কারণে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। বিশেষ করে রিকশা ঠেলাগাড়ি অটোরিকশা চালকদের একটু পর পর নিজের যানবাহন থামিয়ে রেখে বিশ্রাম নিতে দেখা গেছে।
বিদ্যুতের এমন যন্ত্রণার কারণ জানতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলী ইমাম হোসেনের মোবাইলে কল দিলে তিনি জানান, আমরা কম পাচ্ছি তাই বিতরণও হচ্ছে সে অনুযায়ী।
কম পাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, হয়ত কম উৎপাদন হচ্ছে , তাই। তবে উৎপদন কম হওয়ার কারণ সম্পর্কে তিনি আর কিছু জানাতে পারেন নি।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা সিলেটের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ অঞ্চলের কোথাও হাল্কা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও বজ্রসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।
দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.