শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে রঙ্গমঞ্চের প্রতিচ্ছবি’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে চোখ ফিল্ম সোসাইটি। দীর্ঘ তিন দশক ধরে চলচ্চিত্র প্রদর্শনী, নির্মাণ, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটি শাবিপ্রবির সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্রচর্চার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। তিন দশকের এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে তুলতে এবারের আয়োজন সাজানো হয়েছে সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা, স্মৃতিচারণ, বিশেষ প্রকাশনা উন্মোচন এবং চলচ্চিত্র প্রদর্শনীর সমন্বয়ে।
উৎসবের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় অতিথি এবং সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে কেক কাটা, স্বাগত বক্তব্য ও সংগঠনটির ৩০ বছরের পথচলার সংক্ষিপ্ত উপস্থাপনার মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর বিকেল ৪টায় চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর টিমের সঙ্গে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রটির নির্মাণ ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনার পাশাপাশি নির্মাতা দলের সঙ্গে দর্শকদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব থাকবে। পরে বিকেল ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যায়ক্রমে চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর এবং সমাপনী দিন ৭ সেপ্টেম্বর প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘রইদ’। এই দুই দিনেই বিকেল ৫টায় চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
চোখ ফিল্ম সোসাইটির আয়োজকরা জানান, তিন দশকের চলচ্চিত্রচর্চা ও পথচলাকে উদযাপনের পাশাপাশি সাবেক ও বর্তমান সদস্যদের একত্রিত করা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের চলচ্চিত্রের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য। নির্মাতাদের সঙ্গে মতবিনিময় ও স্মারক প্রকাশনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজন ক্যাম্পাসে একটি প্রাণবন্ত চলচ্চিত্রমুখর পরিবেশ তৈরি করবে এবং চলচ্চিত্রচর্চার পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.