সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় আহমদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টার দিকে তাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত আহমদ আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন থেকে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি আহমদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের দূর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় লাশ হস্থান্তর করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.