প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৮ (বুধবার)
বিএনপি নেতা মিজান চৌধুরী এখন আশংকামুক্ত

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

এনজিওগ্রাম করে তাঁর হৃদপিন্ডে একটি ব্লক ধরা পড়ার পর চিকিৎসকরা তাকে দ্রুত সেখানে একটি রিং (স্টেন্ট) স্থাপন করেছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
 

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, রিং স্থাপনের পর মিজান চৌধুরীর শারীরিক অবস্থা আশংকামুক্ত। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

এর আগে গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার পর এনজিওগ্রামে হৃদপিন্ডে ব্লক শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে রিং স্থাপন করা হয়।
 

তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/মআস-১/এসডি-০৩