সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৬ জন। এই সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৭ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় বুধবার (২ সেপ্টেম্বর) দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে হাসপাতালে ভর্তি ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।
জেলাভিত্তিক হিসাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২০৩ জন। এছাড়া অন্য জেলা থেকে আসা ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ২ জন , নেত্রকোনার ২ জন , বরিশালের ১ জন ও নোয়াখালীর ১জন রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস/আশিক/০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.