প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১১ (বৃহস্পতিবার)
বাংলাদেশ থেকে ফেরার পথে এক ভারতীয় নাগরিকের মৃ ত্যু

বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরা হল না গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের। বুধবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরছিলেন তিনি।

 

নিহত গৌতম মিস্ত্রি  কলকাতার কল্যাণ নগরের সুরিয়া সেন পালি এলাকার বাসিন্দা।

 

স্ত্রী জাহানারা মিস্ত্রিকে নিয়ে ২২ অগাস্ট (শনিবার) বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বরিশালে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন গৌতম মিস্ত্রি। 

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেশে ফেরত যাওয়ার পথে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে পড়েন গৌতম মিস্ত্রি। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান জানান, এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দপ্তরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সিলেটভিউ২৪/ডেস্ক/আশিক/০৯