প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৩ (বৃহস্পতিবার)

২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। 

 

ঘোষিত দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। দলে নেই তাসকিন আহমেদ, নাহিদ রানা, নুরুল হাসান ও আবদুল গাফফার সাকলাইন। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি- টুয়েন্টি সিরিজ খেলতে না পারা অধিনায়ক লিটন ফিরছেন এশিয়ান গেমসে।

 

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সময়সূচিও প্রকাশ করেছে বিসিবি। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ছেলেদের এই ক্রিকেট ইভেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল, যেখানে টাইগারদের প্রতিদ্বন্দ্বী হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল। 'বি' গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

 

এশিয়ান গেমসের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

 

 

 

সিলেটভিউ২৪/ডেস্ক/আশিক/১১