আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটির যাত্রা শুরুর পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের পাতা কেবল ভারী হয়েছে।
চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চায় না তার বোর্ড। তবে একবারেই বন্ধ হচ্ছে না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি। আরও গোছালোভাবে আয়োজন করতে চায় বর্তমান বোর্ড।
বিপিএল না হওয়াতে দেশের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছেন। যে কারণে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে দুই দফা বৈঠকও হয়েছে বিসিবির। আজ বৃহস্পতিবার বিসিবির পরিচালকদের নিজেদের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
ক্রিকেটারদের কথা চিন্তা করে ঘরোয়াতে ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছেন তামিম। সবমিলিয়ে বছরে একজন খেলোয়াড় শুধু ঘরোয়া লিগ খেলে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।
বিসিবি সভাপতি বলছিলেন, ‘কোয়াবের সঙ্গে দুটি মিটিং হয়েছে। তারা একটা প্রস্তাব দেয় আমরা কাউন্টার প্রস্তাব দেই। পরে আমরা আবার বসি। এরপর সময় চাই যেন আমাদের নিজেদের মিটিংটা করে নিতে পারি। এখানে আসার আগে কোয়াবের সিনিয়রদের সঙ্গে আলাপ করেছি। সবাই অনেক খুশি। একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের পুরো সিজন খেললে বছরে ৩৫-৪০ লাখ টাকা করে পাবে।’
তামিম আরও বলেন, ‘আমরা এখানে ক্রিকেটারদের সার্ভ করার জন্য এসেছি। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং ভালো হওয়া দরকার। কারণ অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নাই।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলেছি তাদের সঙ্গে। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য আমার যেটা করা দরকার হবে আমি তাই করব। ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়ারই দরকার।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.