সুনামগঞ্জের দিরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে আসা হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কীর্তন, ঢাক-ঢোল ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে দিরাই পৌর শহরের প্রধান সড়কগুলো।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। দিরাই পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রীশ্রী কালী মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্দির, চানপুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন মন্দিরের উদ্যোগে আসা ভক্তরা এতে অংশ নেন।
শোভাযাত্রাটি জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শ্রীশ্রী কালী মন্দির, পৌর শহরের প্রধান সড়ক, উপজেলা পরিষদ এলাকা ও বাসস্ট্যান্ড হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে। পরে মজলিশপুর এলাকার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম হয়ে আবার শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনেক শিশুকে রাধা ও শ্রীকৃষ্ণের সাজে সাজিয়ে শোভাযাত্রায় নিয়ে আসেন অভিভাবকেরা। তাদের হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক ও রঙিন পোশাক শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।
এসময় ব্যবসায়ী নীরমল রায় বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।
পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী বলেন, “শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিরাই পৌরসভাসহ সকল সনাতন ধর্মাবলম্বীকে দিরাই পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দিরাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমরা ধরে রেখেছি। ভবিষ্যতেও এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার সদস্যসচিব বিশ্বজিৎ রায় বলেন,হাজারো ভক্তের অংশগ্রহণে এবারের জন্মাষ্টমীর শোভাযাত্রা উৎসবমুখর হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম,চিকিৎসক জগদীশ নন্দী, অসীত বরন রায়, রবি সূত্রধর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি রানী দাস, দিলীপ দাস, হিরনময় বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বণিক, কমিটির সদস্য রবিন দাসসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাজুড়ে ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, কীর্তন গান ও ধর্মীয় সংগীতে অংশ নেন। ঢাক-ঢোল ও কীর্তনের তালে তালে ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়ক। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় প্রতীক নিয়ে ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই দিরাইয়ে বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.