টরন্টোর ওয়ার্ড ২০ স্কারবোরো সাউথওয়েস্টের সিটি কাউন্সিলর প্রার্থী পার্থি কান্দাভেলের নির্বাচনী যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় ২২৫৫ কিংস্টন রোডে তার নিজস্ব ক্যাম্পেইন কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রার্থী পার্থি কান্দাভেল এ সময় এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং বাংলাদেশি কমিউনিটির সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।
তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় বাসিন্দাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই আমার মূল লক্ষ্য। বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিকাশে আমি সবসময় পাশে ছিলাম, আগামীতেও থাকব।
পার্থি কান্দাভেল আরও বলেন, ওয়ার্ড ২০-এর উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ পার্থি কান্দাভেলের নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তারা বলেন, পার্থি কান্দাভেল দীর্ঘদিন ধরে আমাদের এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি শুধু একজন যোগ্য নেতাই নন, বাংলা ভাষাভাষী কমিউনিটির অকৃত্রিম বন্ধু।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির দাবি-দাওয়া সিটি হলে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে। এজন্য আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম/বুলবুল/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.