ছবি: ফাইল ছবি।
সিলেটের জকিগঞ্জে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই কিশোর মাসুদ আহমদ (১৫)। সে জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মাসুদ মানসিকভাবে অসুস্থ ছিল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এলাকায় মাছ ধরতে যায় মাসুদ। মাছ ধরে বাড়িতে ফিরে সেগুলো পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয় সে। পরে একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় মাসুদ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানান।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.