প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০ (শনিবার)
সিলেটে রাস্তায় মালিকবিহীন গাড়িতে যা পেল পুলিশ

ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে আট লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির সামনে লক করা নোহা গাড়ি থেকে এই মালামাল উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে একটি মোটরসাইকেল ও নোহা গাড়ি দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলের আরোহীদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ সময় নোহা গাড়ির চালক গাড়িটি লক করে চাবি নিয়ে পালিয়ে যায়। এসময় নোহা গাড়িতে (রেজিঃ নং-সিলেট-চ-৫১-০১৪২) তল্লাশি চালায় পুলিশ।

 

তল্লাশিকালে নোহা গাড়ির ভেতর থেকে ভারতীয় অবৈধ ভ্যাসলিন ডিপ ময়েশ্চার, হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু, এনচ্যান্টার চার্মিং, বেবি অয়েল, বেবি শ্যাম্পু, বেবি টু টো ওয়াশ, পন্ডস স্কিন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা।

 


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৪, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- দ্যা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫নি (১) (নি)/ ২৫ ডি রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২