প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (শনিবার)
সিলেটে ৮ মাসে যত মা ম লা, পুলিশের কব্জায় ৭২২

ছবি: এআই।

সিলেট মহানগরীতে অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে মাদক, চুরি, ছিনতাই, হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৫৪০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ৮৮০ জনের বেশি। এর মধ্যে ৬৮৫ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডাকাতি ও চুরি মামলায় ৩৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এসব অপরাধের মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২২ জন।

 

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয়টি থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, আট মাসে সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদক সংক্রান্ত। এ সময়ে মাদক মামলা হয়েছে ৩৪৯টি। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৪৪০ জন এবং গ্রেফতার করা হয়েছে ৪০৪ জনকে। এসময় মাদকবিরোধী অভিযানে পুলিশ ৩১ হাজার ১৮০ পিস ইয়াবা, ১৪০ কেজি ১৪৬ গ্রাম গাঁজা, সাতটি গাঁজার গাছ, ৬৪১ লিটার চোলাই মদ, ১ হাজার ২৪৩ বোতল ও ৫ দশমিক ২৫ লিটার বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল, চার লিটার ও ৭৫ বোতল দেশি মদ এবং সাত বোতল কোডিন ফসফেট উদ্ধার করেছে।

 

চুরি সংক্রান্ত মামলা হয়েছে ১৩১টি। এসব মামলায় এজাহারনামীয় আসামি ১৮০ জন এবং অজ্ঞাতনামা আসামি আনুমানিক ২০ থেকে ৩০ জন। এ সময়ে ১৬৫ জন এজাহারনামীয় আসামি এবং ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

 

ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৩৫টি। এসব মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ৮৯ জন। এর মধ্যে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

হত্যার ঘটনায় মামলা হয়েছে ২০টি। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৮৭ জন। এর মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ডাকাতির ঘটনায় মামলা হয়েছে তিনটি। এসব মামলায় এজাহারনামীয় আসামি একজন এবং অজ্ঞাতনামা আসামি আনুমানিক ১৪ থেকে ২০ জন। এর মধ্যে এজাহারনামীয় একজন এবং ১৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়াও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে দুটি। এসব মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন তিনজন। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।

 

চুরি মামলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামালও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১৩টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, একটি টেলিভিশন, একটি প্রিন্টার, একটি পুরাতন ইঞ্জিন, নয়টি ব্যাটারি, ৮ দশমিক ৫ ভরি স্বর্ণ, একটি স্বর্ণের চেইন ও লকেট, পাঁচটি মোটরসাইকেল, ছয়টি সিএনজি অটোরিকশা ও তিনটি বাইসাইকেল। এছাড়া সাতটি পানির ট্যাপ, নগদ ৫৯ হাজার ৩০০ টাকা, একটি কাটার, একটি চাকু, একটি হাতুড়ি, একটি প্লাই রেঞ্চ, একটি গ্লাস, চারটি স্ক্রু-ড্রাইভার, তিনটি সতেরো রিং, দুটি এলটি ও নয়টি ঢাল রেঞ্চ উদ্ধার করা হয়েছে।

 

চুরি যাওয়া মালামালের মধ্যে একটি লাল রঙের দেশি গরু, একটি তালা, বিভিন্ন প্রকার সরকারি ওষুধ, থ্রি-পিস, মোটরসাইকেলের বিভিন্ন পার্টস, খাদ্যসামগ্রী, বিভিন্ন ধরনের কসমেটিকস, শার্ট-প্যান্ট ও বইসহ বিভিন্ন সামগ্রীও রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় গত আট মাসে মাদক, চুরি, ছিনতাই, হত্যা, ডাকাতি ও অস্ত্র মিলিয়ে মোট ৫৪০টি মামলা হয়েছে। এর মধ্যে মাদক মামলা ৩৪৯টি, চুরি ১৩১টি, ছিনতাই ৩৫টি, হত্যা ২০টি, ডাকাতি তিনটি এবং অস্ত্র মামলা দুটি। এসব মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা মোট ৮৮০ জন। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ৬৮৫ জন এজাহারনামীয় আসামিকে। এর বাইরে চুরি ও ডাকাতি মামলায় ৩৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে উল্লিখিত মামলাগুলোতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২২ জনে।’

 

তিনি আরও বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য ও চুরি যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪