বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ডের অ্যাশফোর্ড ক্যাসেল। ভ্রমণবিষয়ক সাময়িকী টাইম আউটের ৩৩টি হোটেলের নতুন তালিকায় শীর্ষস্থান পেয়েছে ৮০০ বছরেরও বেশি পুরোনো এই ঐতিহাসিক স্থাপনা।
টাইম আউটের সম্পাদক, লেখক ও হোটেল বিশেষজ্ঞরা নিজেরা এসব হোটেল পরিদর্শন করে তালিকাটি তৈরি করেছেন। স্থাপত্য, অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রাকৃতিক পরিবেশ ও সামগ্রিক নান্দনিকতার ভিত্তিতে হোটেলগুলোকে বেছে নেওয়া হয়েছে।
আয়ারল্যান্ডের অ্যাশফোর্ড ক্যাসেল প্রথম নির্মিত হয় ১২২৮ সালে। দীর্ঘ ইতিহাসে এটি অভিজাত পরিবার ও গিনেস পরিবারের মালিকানায় ছিল। লেখক অস্কার ওয়াইল্ডও এই প্রাসাদে অতিথি হিসেবে এসেছেন।
বর্তমানে এটি পাঁচ তারকা হোটেল। এখানে রয়েছে ৮৩টি কক্ষ ও স্যুট। হোটেলটির অনেক কক্ষ থেকেই বিছানা থেকে লফ করিব হ্রদের দৃশ্য দেখা যায়। এর অন্যতম আকর্ষণ হলো স্পা, যেখানে ব্রোঞ্জের বিশেষ কাঠামোর ভেতরে রয়েছে বিশ্রামের জন্য সুইমিং পুল। টাইম আউট এটিকে বিশ্বের সেরা ঐতিহ্যবাহী হোটেলের স্বীকৃতিও দিয়েছে।
বিশ্বের সবচেয়ে সুন্দর ৩৩টি হোটেলের তালিকায় দ্বিতীয় হয়েছে জাপানের হিরামাতসু কারুইজাওয়া মিয়োতা। নাগানো অঞ্চলের পাহাড় ও আগ্নেয় প্রাকৃতিক দৃশ্যের জন্য হোটেলটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে ইতালির ফ্লোরেন্সের ফোর সিজনস হোটেল ফিয়োরেন্সে। ১৫শ শতকের একটি রেনেসাঁ প্রাসাদ ও ১৬শ শতকের আরেকটি প্রাসাদজুড়ে গড়ে ওঠা এই হোটেলের অন্যতম আকর্ষণ ১১ একরজুড়ে বিস্তৃত বাগান।
তালিকার শীর্ষ ১০-এ ইউরোপের পাঁচটি হোটেল রয়েছে। এর মধ্যে টেনেরিফের রিটজ-কার্লটন আবামা, আইসল্যান্ডের আইওএন অ্যাডভেঞ্চার হোটেল এবং মাল্টার দ্য ফোয়েনিশিয়াও রয়েছে।
টাইম আউটের তালিকায় লন্ডনের ওয়ান হোটেল মেফেয়ার ১২তম, প্যারিসের ল্য পাভিয়োঁ দ্য লা রেইন ১৩তম, স্কটল্যান্ডের গ্লিনইগলস ১৪তম, পালেরমোর ভিলা ইজিয়া ২০তম, আমস্টারডামের ম্যান্ডারিন ওরিয়েন্টাল কনজারভেটোরিয়াম ২২তম এবং পোর্তোর হোসপেস ইনফান্তে সাগ্রেস ২৩তম হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.