বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরছিলেন বর। কিন্তু পথিমধ্যে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে ফেরার পথে বরের গাড়ি গাবতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়ি থামিয়ে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে।
এ নিয়ে বরপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। এবং একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়িতে বর মো. হানিফ, তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন।
এদিকে স্থানীয় মোহাম্মদ কাজল জানান, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট সৃষ্টি হয়। এ সময় একটি অটোরিকশার চালকের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হলে স্থানীয় লোকজন তা থামাতে যান। তখনই মারামারি বাধে। এতে তাদের পক্ষের ১৫ থেকে ১৬ জন আহত হন বলেও জানান কাজল।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.