শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্যাম্পাস সাংবাদিকদের ক্ষমতায়ন: কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, ফিচার লিখন ও ডিজিটাল নৈতিকতা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
তিনি বলেন, “আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার লিখন এবং ডিজিটাল নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সব বিষয়ে জ্ঞান থাকবে তা সম্ভব নয়; এমন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব।”
সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমের তফাৎ তুলে ধরে উপাচার্য আরও বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ওপর আস্থা রাখে, তাই সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো ও গঠনমূলক কাজের সঙ্গে প্রশাসন সবসময় পাশে থাকবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ। আয়োজনটি সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
দিনব্যাপী এই কর্মশালায় বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের বিজনেস ম্যানেজার খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.