প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (রবিবার)
সিলেটে পাঁচ দিনে ১১ লা শ

ছবি: ফাইল ছবি।

সিলেটে আশঙ্কাজনকভাবে বেড়েছে অস্বাভাবিক মৃত্যু। কোথাও কেউ কেউ গলায় ফাঁস লাগিয়ে আবার কোথাও কেউ কেউ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। তবে; এসবের মধ্যে কোথাও কোথাও গলাকাটা ও বুকের উপর ব্লেডের দাগের মতো কাটার চিহ্নও পাওয়া গেছে। সেপ্টেম্বরের শুরুর পাঁচদিনের মাথায় গোটা সিলেটজুড়ে ১১টি লাশ উদ্ধার করেছে পুলিশ। কখনও পারিবারিক কলহ, কখনও দুর্ঘটনা বা কখনও অপরাধ চক্রের আধিপত্যের জেরে সিলেটের বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকায় এসব অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। 

 

সর্বশেষ শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নে বসত ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই মহিলা চম্পা রাণী দাশ (৩৫) এবং তার মেয়ে হৃদি রাণী দাশ (৫)। চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

 

একইদিন বেলা ২টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকায় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম আল-আমিন (৩০)। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে।

 

আগের দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কামারটিলা এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। নিহত ওই যুবক সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কামারটিলা এলাকার মতিন মিয়ার ছেলে নাবিল হুসাইন (২১)।

 

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ‎দুপুরের দিকে সিলেটের বিয়ানীবাজারে শ্রীধরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্জুন রবি দাস (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়। 

 

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা থানার খোজারখলা থেকে আমিন নামে ১৮ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খোজারখোলা এলাকার মো. শুকুর মিয়া ও নাজমা বেগমের ছেলে। জানা গেছে ঘটনার সময়ে তার বাবা মা ও বড় ভাই গ্রামের বাড়িতে ছিলেন। 

 

একই দিন বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম এলাকা থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই কিশোর মাসুদ আহমদ (১৫)। তিনি জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে। 

 

এর আগের দিন বুধবার (২ সেপ্টেম্বর) সড়কে প্রাণহানির খবর দিয়ে দিন শুরু হয় সিলেটবাসীর। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহমদ আলী (২০) নামের এক ব্যবসায়ী। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহিমাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

 

এদিকে ওই দিন রাতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত জমির আলী (৪০) ওই গ্রামের করম আলীর ছেলে। 

 

এর আগের দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৯/ এহিয়া-১৩