প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২০ (সোমবার)
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য যে নির্দেশনা দিল প্রশাসন

ছবি: টাঙ্গুয়ার হাওরের ফাইল ছবি।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে হাওরের গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। 

 

রবিবার (৬ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এসব নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।

 

সাইনবোর্ড স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

 

এ সময় জেলা প্রশাসক বলেন, সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি জানান, এখন থেকে সাইনবোর্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে টাঙ্গুয়ার হাওর সম্পর্কে প্রয়োজনীয় ও বিস্তারিত তথ্য জানতে পারবেন পর্যটকরা। এর মাধ্যমে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিষয়ে পর্যটকদের সচেতনতা আরও বাড়বে বলে আশা করছে প্রশাসন।

 

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস ০৪/ এহিয়া-১০