প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ (সোমবার)
সিলেটে মৃ*ত্যু*হীন দিনে হাসপাতালে চার শতাধিক

সিলেটে হামের পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর মিললেও হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হাম বা সন্দেহজনক হাম রোগে কারও মৃত্যু হয়নি।

 

 

 তবে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৪২১ জন সন্দেহজনক রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন।

 


সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 


বর্তমানে হাসপাতালে ভর্তি ৪২১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১৪৯ জন রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রোগী ভর্তি আছেন।

 


বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, জকিগঞ্জে একজন, কোম্পানীগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে পাঁচজন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রোগী ভর্তি আছেন।

 


স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে দুইজন রুবেলা রোগীও রয়েছেন।

 


তবে নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত না হওয়া এবং গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় পরিস্থিতিতে সাময়িক স্বস্তি ফিরেছে। এর আগে বিভাগজুড়ে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

 


স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

 


অর্থাৎ, একদিকে নতুন নিশ্চিত রোগী শনাক্ত ও মৃত্যু শূন্যে নেমে এলেও অন্যদিকে হাসপাতালগুলোতে ৪২১ জন সন্দেহজনক রোগীর চিকিৎসাধীন থাকা এবং একদিনে ১৫১ জনের নতুন ভর্তি হওয়া পরিস্থিতির চাপ এখনো বড়ই রয়ে গেছে।


সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ