প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪ (মঙ্গলবার)
আগস্টে মোটরসাইকেল প্রা ণ নিল ১৭৬ জনের

ছবি: এআই।

আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫১৩টি। এসব দুর্ঘটনা ঘটেছেয় নিহত হয়েছেন ৪৮১ জন ও আহত হয়েছেন ৬৬৪ জন। এর মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানি ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন। জুলাইয়ে দৈনিক গড় প্রাণহানি ছিল ১৩ দশমিক ৪১ জন। এমনটাই জানিয়ে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগস্টে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। গত মাসে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৬ জন নিহত হয়েছেন। বাসের যাত্রী ৩৭ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-লরি-ড্রাম ট্রাকের আরোহী ৫১ জন এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপের ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া থ্রি-হুইলার যাত্রী ৭৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২১ জন এবং রিকশা-বাইসাইকেল আরোহী পাঁচজন নিহত হয়েছেন। 

 

এ ছাড়া ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, যা মোট প্রাণহানির ১৩ দশমিক ৯২ শতাংশ।

 

বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪৭ জনের। মাসটিতে ৩৫টি সড়ক দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ১২২ জন। চলতি বছরে এক মাসে প্রাণহানির হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। একক জেলা হিসেবে বগুড়ায় সবচেয়ে বেশি ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন ৫৪ জন।

 

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি। এ ছাড়া ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের বেপরোয়া মানসিকতা ও অদক্ষতা, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার জন্য দায়ী।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১