প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৭ (মঙ্গলবার)
জকিগঞ্জে যাত্রী ছাউনির নামফলক থেকে ‘গণিপুর’ মুছে ফেলার অভিযোগ, উত্তেজনা

সিলেটের জকিগঞ্জে একটি যাত্রী ছাউনির নামফলক ও পাশের গোলচত্বর থেকে ‘গণিপুর’ শব্দটি কালো কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে।
 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সোমবার জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা মো. শাহাদত হোসেন চৌধুরী (৪৪)। অভিযোগে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেছেন।
 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গণিপুর কামালগঞ্জ বাজারে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ‘গণিপুর কামালগঞ্জ বাজার যাত্রী ছাউনী’ নামে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সময়ে এটি নির্মাণের পর ২০১৬ সালে উদ্বোধন করা হয়। পাশাপাশি গণিপুর বয়েজ ক্লাবের অর্থায়নে যাত্রী ছাউনির সামনে একটি গোলচত্বর নির্মাণ করা হয়।
 

অভিযোগে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর রাত ১২টার পর থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৬টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা যাত্রী ছাউনিতে স্থাপিত পাথরে খোদাই করা নামফলক থেকে ‘গণিপুর’ শব্দটি এবং গোলচত্বরের ‘গণিপুর’ লেখা কালো কালি দিয়ে মুছে দেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে লেখা পরিষ্কার করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
 

অভিযোগকারী শাহাদত হোসেন চৌধুরী বলেন, গণিপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামের সঙ্গে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত একটি স্থাপনার নামফলক থেকে গ্রামের নাম মুছে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
 

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাটির বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

 


সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১০