আন্তর্জাতিক ফুটবলের সবুজ গালিচায় এবার বাংলার রক্তঝরা ইতিহাস ও বর্ণমালার গৌরব ছড়িয়ে যাবে ফুতবলের জার্সিতে। অমর একুশের শহীদদের রক্তে অর্জিত মাতৃভাষা বাংলা ও বায়ান্নর বর্ণমালাকে মূল ক্যানভাস করে উন্মোচিত হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি।
আজ এক জমকালো আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের নতুন কিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর এই কিট ডিজাইন করেছে।
শুভ্রতার ক্যানভাসে সাজানো হয়েছে নতুন হোম জার্সিটি।
সাদা জার্সির কলার ও দুই পাশে লালের নান্দনিক স্পর্শের পাশাপাশি পুরো কাপড়ের জমিনে নিখুঁত ওয়াটারমার্কে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার শৈল্পিক রূপ। বুকে আছে বাফুফের লোগো ও লাল হরফের নম্বর। এই হোম কিটের পূর্ণতা দিতে ফুটবলাররা মাঠে নামবেন লাল শর্টস ও সাদা মোজা পরে। অন্যদিকে, বাঙালির চিরায়ত লাল-সবুজের আবেগে মোড়ানো হয়েছে অ্যাওয়ে জার্সিটি।
গাঢ় সবুজ ক্যানভাসের কাঁধে লালের চমৎকার স্ট্রাইপ এবং সামনের অংশে এমবসড টেক্সচারে খোদাই করা হয়েছে বাংলা বর্ণ ও হরফের স্মৃতিচিহ্ন। এতে নম্বর ও লোগো রাখা হয়েছে ধবধবে সাদা রঙে, যার সঙ্গে খেলোয়াড়েরা পরিধান করবেন সবুজ শর্টস ও সবুজ মোজা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.