সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি বলেও জানা গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, 'মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তর (৩১) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়নাতদন্তের পর দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত পদ্মজিৎ মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.