সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামি নাহিয়ানকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুরের চিকনাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিয়ান সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়ণপুর) এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় আজিজুর রহমানের পথরোধ করে আসামিরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে পেটে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-৯। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের চিকনাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘গ্রেফতার নাহিয়ানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ মআস ০৩/ এহিয়া-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.