প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৩ (বুধবার)
মহাসড়কে স্লিপার বাস চলাচল নিয়ে যে নির্দেশনা দিলেন উচ্চ আদালত

ছবি: সংগৃহিত

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানিতে তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান আদালতের সামনে তুলে ধরেন।

 

আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

 

তিনি আরও বলেন, আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো মোটরযান সড়কে চলাচল করতে পারবে না-বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

 

পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেগুলোই রাস্তায় চলবে। স্লিপার বাস চালানোর কোনো অনুমতি নেই। হাইকোর্টও স্লিপার বাস চলাচলের অনুমতি দেননি।’

 

এর ফলে বিআরটিএর অনুমোদন ও রুট পারমিট ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচলের সুযোগ থাকছে না। নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন ও সড়ক পরিবহন আইন মেনেই এসব বাস চলাচল করতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-৬