র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ও রাতে সিলেটের বন্দর বাজার এবং শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের কোতোয়ালী থানার মাছিমপুর এলাকার মৃত আলাউদ্দিন আহম্মদের ছেলে মোঃ নান্নু আহম্মেদ (৩৮), সুনামগঞ্জ সদরের ব্রাহ্মণগাঁওয়ের মৃত মঞ্জু ভট্টাচার্যের ছেলে মোহন ভট্টাচার্য (২৮), শাহপরাণ (রহ.) থানার পীরের চকের সাজ্জাদ আলীর ছেলে এহিয়া আহমদ (৩০), মুরাদপুরের তেরা মিয়ার ছেলে কয়ছর মিয়া (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নয়বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আল ইসলাম (৩৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার ত্রিবেদী দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর বাজারে পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় অনলাইন জুয়া চক্রের আরও ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৩টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা 678BD.com, 1xbet app, TK 10 bk666, BA99, FB77 ইত্যাদি অ্যাপের মাধ্যমে জুয়া খেলে আসছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার পর্যাপ্ত আলামত পাওয়া গেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.