ছবি: ফাইল ছবি।
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে কয়লা তুলতে গিয়ে মাটি ও পাথরের চাপা পড়ে প্রাণ গেল ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভারতের অভ্যন্তরে একটি কয়লাখনিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
নিহত ইউনুস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে।
জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০ কিলোমিটার ভারতের অভ্যন্তরে কলারছড়া এলাকায় দীর্ঘদিন ধরে কয়লা শ্রমিক হিসেবে কাজ করছিলেন ইউনুস। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কয়লার গর্তে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ও পাথর ধ্বসে পড়ে। এতে তিনি গর্তের ভেতর আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সহকর্মীরা বিষয়টি ইউনুস আলীর স্বজনদের জানান। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/মআস ০৩/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.