প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নতুন ধরনের ভ্রমণ ভিসা শিগগিরই চালু হতে যাচ্ছে। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জানিয়েছেন, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’র মাধ্যমে পর্যটকরা একটি ভিসায় ছয়টি উপসাগরীয় দেশেই ভ্রমণ করতে পারবেন।

 


এই পদক্ষেপ শিগগিরই আলোর মুখ দেখবে বলেও জানান তিনি।

 


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকেরা একটি ভিসা ব্যবহার করেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন। ইউরোপের শেনজেন ভিসার মতোই এই ব্যবস্থায় ছয়টি দেশে যাতায়াতের সুযোগ থাকবে।

 

 

গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে এ তথ্য নিশ্চিত করেছেন জিসিসি মহাসচিব।

 

 

তবে ভিসাটি ঠিক কবে চালু হবে, এর খরচ কত হবে, কত দিন কার্যকর থাকবে বা আবেদনের প্রক্রিয়া কী হবে—এসব বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
এর আগে খালিজ টাইমস জানিয়েছিল, একীভূত ভিসাটি অনুমোদিত হয়েছে এবং এটি বাস্তবায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ পরিচালনা করছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক