ছবি: সিলেট ভিউ।
সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেসি চৌধুরী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীন্সবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাভাবিক কাজকর্ম শেষ করার পর একপর্যায়ে পরিবারের সদস্যরা জেসিকে তার কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে লিখা ছিল ‘সবে আমাকে মাফ করি দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না’।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.