প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০ (শনিবার)
সিলেটে ছাত্রদল নেতাকে ছাত্রলীগ নেতার মা*র*ধ*র, মা ম লা হয়নি

ছবি: সংগৃহিত

ঘটনা বুধবার (৯ সেপ্টেম্বর) রাতের। তবে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেন নি। পুলিশ তদন্ত করছে বলে জানালেও শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত কোনো আটক নেই বলেই সিলেটভিউকে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,  ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ একটি পোস্ট করেছিলেন।

 

তার সেই পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করেন শামীম। এতে তিনি আহত হন। তাকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানিয়েছে সংশ্লিস্ট সূত্র।

 

এ ঘটনায় গোটা উপজেলাজুড়ে তোলপাড় চলছে। তবে এখনো কেন কেউ থানায় অভিযোগ দেয়নি, আলোচনার কেন্দ্রে সেটাই। আবার বুধবার রাত থেকেই পুলিশ তদন্ত করছে বলে জানালেও এর অগ্রগতির সম্পর্কেও তারা কিছু জানাতে পারেনি।

 

এদিকে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদল।

 

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। পথসভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছিল। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা।

 

বিষয়টি নিয়ে সিলেটভিউর সঙ্গে আলাপকালে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  গাজী মাহবুবুর রহমান জানান, তদন্ত চলছে। তবে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তদন্তের অগ্রগতি সম্পর্কে বা অভিযোগ দায়ের করা হলে পরবর্তীতে জানানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮