প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০ (শনিবার)
নতুন যে দায়িত্ব পেলেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর

ছবি: ফাইল ছবি।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এর মধ্যে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

এছাড়া অপর একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পর্যালোচনা, নীতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার জন্য।

 

এমপি কয়ছর আহমেদের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির খবরে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে পাওয়া এই দায়িত্বকে কাজে লাগিয়ে সুনামগঞ্জ-৩ আসনের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-চাহিদা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরবেন এমপি কয়ছর আহমেদ। বিশেষ করে হাওরাঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় জ্বালানি সুবিধা সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন এলাকাবাসী।

 

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ মনে করছেন, দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি কয়ছর আহমেদের অন্তর্ভুক্তি শুধু তার রাজনৈতিক দায়িত্বের পরিধিই বাড়াবে না, বরং নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন সমস্যা ও জনদুর্ভোগ জাতীয় সংসদে তুলে ধরার ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি করবে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বের যথাযথ ব্যবহার করে এমপি কয়ছর আহমেদ হাওরাঞ্চলের মানুষের প্রয়োজন ও প্রত্যাশার কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদে তুলে ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ সানোয়ার/ এহিয়া-০৩