প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৮ (শনিবার)
দিরাইয়ে রাজপথে যুবসমাজ, ওসি দিলেন হুঁ শি য়া রি

ছবি: সিলেট ভিউ।

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সুনামগঞ্জের দিরাইয়ে রাজপথে নেমেছে সচেতন যুবসমাজ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমআ ‘মাদকমুক্ত দিরাই চাই’-এমন স্লোগান নিয়ে দিরাই বাজার থেকে বের হওয়া বিশাল মাদকবিরোধী মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘মাদকমুক্ত দিরাই চাই’, ‘যুবসমাজ বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় তারা বক্তব্য রাখেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল রশিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অনিক মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও যুবসমাজের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে শুধু প্রশাসনিক অভিযান নয়, পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধও জরুরি। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, ‘প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘যদি বাঁচতে চান, দিরাই ছেড়ে পলায়ন করেন। আপনারা মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টায় দিরাইকে মাদকমুক্ত করা হবে, ইনশাআল্লাহ।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ হিল্লোল/ এহিয়া-০৪