ছবি: সিলেট ভিউ।
সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। টানা সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ২৩ জনকে আটক, ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ২৭টি ড্রেজার মেশিনধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানা পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বালু উত্তোলন বন্ধে, বিশেষ একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে মোট ২৩ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না।’
সিলেটভিউ২৪ডটকম/ মআস-০৩/ এহিয়া-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.