প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (শনিবার)
সিলেটের আকাশপথে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইট

ছবি: এআই।

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের আকাশপথে ফিরেছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট। প্রায় আট বছর পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিদেশি কোনো এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি যাত্রী পরিবহন শুরু করায় আন্তর্জাতিক যোগাযোগে নতুন সুযোগ তৈরি হয়েছে সিলেট অঞ্চলের মানুষের জন্য। আপাতত সপ্তাহে তিন দিন চলাচল করলেও আগামী অক্টোবর থেকে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

 

এরই ধারাবাহিকতায় এয়ার আরাবিয়া, ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে। এসব ফ্লাইট চালু হলে দীর্ঘদিন পর সিলেটের আকাশপথে বাড়বে আন্তর্জাতিক রুট ও ফ্লাইটের সংখ্যা। সিলেটে গতি পাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক যোগাযোগ।

 

বর্তমানে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে মাস্কাটে যাতায়াত করছে সালামএয়ারের ফ্লাইট। এয়ারবাস এ৩২১ উড়োজাহাজে পরিচালিত ওভি-৪২২ ফ্লাইটটি সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটে যাচ্ছে। এর ফলে সিলেট বিভাগের যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ঢাকা হয়ে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।

 

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের জন্য সরাসরি মাস্কাট ফ্লাইট চালু হওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওমানপ্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এতে সময়, যাতায়াত খরচ এবং ভোগান্তি কমবে।

 

জানা যায়, সালামএয়ারের নিয়মিত ফ্লাইট চালুর প্রথম দিন গত ১ সেপ্টেম্বর সকালে ১৩৩ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ারলাইন্সটির ফ্লাইট। সকাল ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে সিলেট থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এসময় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট থেকে সরাসরি মাস্কাটে ফ্লাইট চালু হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন ওমানপ্রবাসী যাত্রীরা। এত দিন সিলেট থেকে ঢাকায় গিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো অনেক যাত্রীকে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিও পোহাতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সেই বাড়তি ঝামেলা অনেকটাই কমবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে ওমানের সরাসরি বিমান যোগাযোগকে এ অঞ্চলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটের যাত্রীদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ করতে এ রুট ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।

 

এদিকে সালামএয়ারের অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, সালামএয়ারের টিকিট অনলাইনে সংগ্রহ করতে প্রথমে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে গিয়ে ‘বুক এ ফ্লাইট’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘ওয়ান ওয়ে’ অথবা ‘রাউন্ড ট্রিপ’ নির্বাচন করে যাত্রার তথ্য দিতে হবে। সিলেট থেকে মাস্কাট যাওয়ার ক্ষেত্রে ‘ফ্রম’ অপশনে সিলেট বিমানবন্দরের কোড ZYL এবং ‘টু’ অপশনে মাস্কাট বিমানবন্দরের কোড MCT নির্বাচন করতে হবে। এরপর যাত্রীর সংখ্যা ও ভ্রমণের তারিখ দিয়ে সার্চ করলে ওই দিনের ফ্লাইট ও ভাড়ার তথ্য পাওয়া যাবে।

 

পছন্দের ফ্লাইট নির্বাচন করার পর যাত্রীর নাম, যোগাযোগের তথ্যসহ প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত তথ্য পাসপোর্ট বা সংশ্লিষ্ট নথি অনুযায়ী পূরণ করতে হবে। বিশেষ করে যাত্রীর নাম, বয়স ও পাসপোর্ট নম্বর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ বুকিং সম্পন্ন হওয়ার পর যাত্রীর নাম পরিবর্তনের সুযোগ নেই বলে সালামএয়ারের নিয়মে উল্লেখ রয়েছে। সব তথ্য যাচাই শেষে অনলাইনে অর্থ পরিশোধ করতে হবে। সালামএয়ারের বর্তমান তথ্য অনুযায়ী, ভিসা ও মাস্টারকার্ড এবং সমর্থিত ডিভাইসে অ্যাপল পের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়। তবে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রশাসনিক ফি প্রযোজ্য হতে পারে।

 

পেমেন্ট সম্পন্ন হলে যাত্রীকে একটি পিএনআর বা কনফার্মেশন রেফারেন্স দেওয়া হবে। পরবর্তী সময়ে চেক-ইন ও বুকিং ব্যবস্থাপনার কাজে এ নম্বর প্রয়োজন হতে পারে। তাই টিকিটের কপি সংরক্ষণের পাশাপাশি পিএনআর নম্বরও রেখে দেওয়া জরুরি।

 

অন্যদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালুর ইতিহাস অবশ্য নতুন নয়। ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। এরপর প্রায় আট বছর সিলেট বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের মাস্কাট-সিলেট রুট চালুর মধ্য দিয়ে দীর্ঘ এই বিরতির অবসান হলো।

 

সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এসব এয়ারলাইন্স সিলেট থেকে নিয়মিত ফ্লাইট চালু করলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক রুট ও ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে সিলেট অঞ্চলের যাত্রীদের আন্তর্জাতিক যাতায়াতের সুযোগও আরও বিস্তৃত হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮