প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫০ (রবিবার)
টেক্সাস ইউনিভার্সিটির সম্মেলনে আমন্ত্রণ পেলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির মেহেদী

​বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল সামিট অন কনস্টিটিউশনালিজম’-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার আলম মেহেদী তাপাদার। বিশ্বব্যাপী হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠিন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাকে নির্বাচিত করা হয়। তার সামাজিক সচেতনতা, অ্যাকাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছে।

শনিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, শাহরিয়ার আলম মেহেদী তাপাদার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি স্নাতক (এলএলবি) সম্পন্ন করে বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর (এলএলএম) অধ্যয়ন করছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন) কনস্টিটিউশনাল স্টাডিজের ডিরেক্টর প্রফেসর রিচার্ড আলবার্ট স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। 

সম্মেলনে অংশগ্রহণের জন্য তার সমস্ত ব্যয় আয়োজকরা বহন করবেন।

‘ইন্টারন্যাশনাল ফোরাম অন দ্য ফিউচার অব কনস্টিটিউশনালিজম’-এর সহযোগিতায় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশনাল স্টাডিজ প্রোগ্রামের আয়োজনে আগামী বছরের (২০২৭) ১৭ থেকে ১৯ মার্চ অস্টিন ক্যাম্পাসে ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

​গবেষণাগত শ্রেষ্ঠত্ব, একাডেমিক সততা, বাকস্বাধীনতা এবং বৈশ্বিক যোগাযোগের পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে প্লেনারি লেকচার, প্যানেল আলোচনাসহ জ্ঞানচর্চার বিভিন্ন সেশন থাকবে।

আন্তর্জাতিক পর্যায় থেকে এমন সাফল্যের সংবাদ বয়ে আনায় শাহরিয়ার আলম মেহেদী তাপাদারকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, “বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ সামিটে অংশগ্রহণ করতে শাহরিয়ার আলম মেহেদী তাপাদারের আমন্ত্রণ আসার বিষয়টি শুধু আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই নয়, বরং দেশের জন্যও গৌরবের।”

প্রসঙ্গত, শাহরিয়ার আলম মেহেদী তাপাদার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘স্টুডেন্ট এডভাইজার’ এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে