ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মৌলভীবাজারের রাজনগরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয়ভাবে একই সময়ে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বর্ণালী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল আলামিন, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজবাহুল হাসান মিজবাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলাবদ্ধ স্থান, ময়লা-আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন. ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.