প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৯ (রবিবার)
জমি নিয়ে দুপক্ষের সং*ঘ*র্ষ, নারীসহ আ হ ত ১০

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
 

স্থানীয় ও থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোস্তাক আহমেদ এবং প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাকের।
 

শনিবার দুপুরে মোস্তাক আহমেদ ও তার পরিবারের সদস্যরা বিতর্কিত ওই জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মোস্তাক আহমেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 

মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, হামলার সময় হামলাকারীরা তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের বকুল মিয়া দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
 

বকুল মিয়া জানান, এ ঘটনায় তাদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। উভয় পক্ষকে বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২