নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল মিয়া (৩৫)।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে একই দিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একত্র হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। সে সময় ঘটনাস্থল থেকে মো. রাজিব ও মো. জামাল হোসেন নামের দুজনকে আটক করার পাশাপাশি ২২টি ইটের টুকরা ও ১৫টি বাঁশের লাঠি জব্দ করে পুলিশ। পরে এ ঘটনায় ৬ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সোহেল মিয়ার সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. আজাদুল ইসলাম জানান, আসামি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া এবং তদন্ত কাজে বাধা সৃষ্টি করতে পারেন- এমন আশঙ্কায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.