ছবি: সংগৃহিত।
হবিগঞ্জের বাহুবলে সরকারি নিলামে কেনা ভারতীয় জিরা পরিবহনকারী একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে হেলাল মহালদার ও বিলাল মিয়ার নাম জানা গেছে। হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বিলাল মিয়া, মামদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানা যায়, সরকারি নিলামের মাধ্যমে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পরিবহন করা হচ্ছিল। তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে ২ জন জিরার মালিক মো. ওবায়দুল্লাহর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে পুলিশ তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরের ভুগলী এলাকা থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.