প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ (মঙ্গলবার)
সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক

ছবি: সংগৃহিত

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত না হলেও সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৬ জন। 

 

 

একই সময়ে মারা গেছেন চারজন। ফলে বিভাগজুড়ে হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন ৪৯৫ জন।

 


স্বাস্থ্য বিভাগের ১৪ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন নতুন করে ভর্তি হয়েছেন।

 

 

বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯৫ সন্দেহজনক রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সর্বোচ্চ ১৮৬ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন ভর্তি আছেন। এছাড়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন এবং বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।

 


স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার রোগী রয়েছেন। প্রতিবেদনে সিলেটের কানাইঘাটের ১০ বছরের এক শিশু, হবিগঞ্জের বাহুবলের ১০ মাস বয়সী এক শিশু, সুনামগঞ্জের তিন বছর তিন মাস বয়সী এক শিশু এবং সিলেটের জকিগঞ্জের সাত মাস পাঁচ দিনের এক শিশুর মৃত্যুর তথ্য রয়েছে।

 

 

এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগ মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের।

 

সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ