প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯ (মঙ্গলবার)
সিলেটসহ সারাদেশে শুরু যুবদলের ৭ দিনের বিশেষ কর্মসূচি

ছবি: সংগৃহিত

ডেঙ্গু প্রতিরোধে সিলেটসহ সারাদেশে সাত দিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জেলা ও মহানগরের পাশাপাশি অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে নিয়ে সারাদেশে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫