ছবি: সংগৃহিত
খুলনার পাইকগাছা থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাব-৯। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী ইমরান মোল্যাকে (৩৫)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত সিলসিলার সামনে থেকে ইমরান মোল্যাকে গ্রেপ্তার ও অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।
ইমরান মোল্যা খুলনার পাইকগাছা থানার নাসিরপুর এলাকার নান্নু মোল্যার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম ১৭ বছর বয়সের ওই কিশোরী কলেজ ছাত্রীটিকে ইমরান মোল্যা বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান তাকে হুমকি দিতেন।
গত ১৮ আগস্ট মেয়েটি কলেজে গেলেও ছুটির পর আর ফিরে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর করতে থাকেন। পরে জানতে পারেন ইমরান ও তার কয়েকজন সহযোগী কলেজ গেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা (নং ৫/৬/৯/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মেয়েটিকে উদ্ধার ও ইমরান মোল্যাকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তাদের দু’জনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.