প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫ (মঙ্গলবার)
সিলেট সার্কিট হাউজে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি: সংগৃহিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমাপারে পৌঁছেছেন। সেখানে সার্কিট হাউজে তিনি অবস্থান করছেন।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার গাড়ির বহর সার্কিট হাউজ পৌঁছায়। এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

সার্কিট হাউজে পৌঁছার আগে সিলেটের বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজর, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ  মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

এরপর তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩