সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই সূচি প্রকাশ করে সাফ।
টুর্নামেন্ট শুরু হবে ৫ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আর প্রথম দিনেই মাঠে গড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ দ্বৈরথ। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাঠে নিজেদের সাফ মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ রয়েছে ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে। তবে সূচিতে এখনও সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় ড্র-তে নেপালকে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপাল যুক্ত হবে বাংলাদেশের ‘এ’ গ্রুপে।
অন্য গ্রুপে আছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর আবারও ঘরের মাঠে সেই সোনালী স্মৃতি ফিরিয়ে আনার হাতছানি লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.