প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২০ (বুধবার)
তুচ্ছ বিবাদে 'র ক্ত ক্ষ য়ী' সিলেটের যে জেলা, ৮ মাসে ঝরল ২০ প্রাণ

ছবি: সিলেট ভিউ।

সামান্য বিবাদেই মানুষ জড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংঘর্ষে। কখনও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, কখনও গ্রাম্য আধিপত্য বিস্তার আর তুচ্ছ কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দিন দিন চরম অশান্ত হয়ে উঠছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। 

 


চলতি বছরের প্রথম সাড়ে ৮ মাসেই (জানুয়ারি-'১৫সেপ্টেম্বর) হবিগঞ্জে বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে ১০৪টি সংঘর্ষ হয়েছে। এতে ২০ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বাৎসরিক পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ২০২৫ সালে হবিগঞ্জ জেলায় ৯৫টি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সব ঘটনায় নিহত হন ১৯ জন। আহত হন ১২ নারী-পুরুষ। ২০২৬ সালের নয় মাস না যেতেই ২০টি খুনের ঘটনা ঘটেছে।

 


সবশেষ গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের বানিয়াচং থানার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এর আগে গত ৩০ আগস্ট (রবিবার) বানিয়াচং উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার মাঠে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হন অন্তত ৩০ জন।

 


এদিকে গত ২৮ আগস্ট (শুক্রবার) রাতে বাহুবল উপজেলায় সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। একই মাসের ৭ আগস্ট (শুক্রবার) মাধবপুরের বাঘাসুরা গ্রামে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে। 

 


এর আগে ১৭ জুন (বুধবার) বাহুবলের আদিত্যপুর ও আরিচপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষ বাঁধে। দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষে ২ জন নিহত ও ৫০ জন আহত হন। এর আগের মাসে (২১ মে বৃহস্পতিবার) হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও শরীফপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক নারী-পুরুষ। 

 


হবিগঞ্জে কেন বাড়ছে এমন গ্রাম্য হামলা-সংঘর্ষ-প্রাণহাণি? বিশিষ্টজনরা বলছেন এসব রুখতে স্থানীয় প্রশাসনের কঠোরতার পাশাপাশি অভিভাবক মহলকে সচেতন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 


হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, সংঘাত, সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। যেখানে সংঘর্ষের পাচ্ছে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। প্রায় সময় সংঘর্ষে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে। কোনো বিষয় নিয়ে সংঘর্ষে না জড়াতে আমরা সবার প্রতি আহ্বান করছি। এর পরও যারা সংঘর্ষে জড়ায় তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৯