প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৯ (বুধবার)
লাফার্জহোলসিম'র উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এবং এফআইভিডিবি এর আয়োজনে ছাতকের নোয়ারাই-এ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এলাকার ৫০ জন নিবন্ধিত মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন।

অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি-এর কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ উল্লাহ এবং সিএসআর ও কমিউনিটি ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার লায়লা পারভীন হিমেল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল মৎস্য আহরণ পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মৎস্য আহরণে নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, সঠিক মৎস্য খাদ্য ও পুষ্টি, পানির গুণগত মান ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং মাছের মান নিয়ন্ত্রণ ও আহরণ-উত্তর সঠিক ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
 

কর্মশালা থেকে অংশগ্রহণকারীরা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মাছের স্বাস্থ্য সুরক্ষার ব্যবহারিক কৌশল জানতে পারেন। সঠিক খাদ্য প্রদান, পানির গুণগত মান নিশ্চিতকরণ এবং আধুনিক আহরণ পদ্ধতি কীভাবে মৎস্য খাতের সামগ্রিক আয় বৃদ্ধি করতে পারে, সে বিষয়ে মৎস্যজীবীরা স্পষ্ট ধারণা লাভ করেন।

অংশগ্রহণকারী মৎস্যজীবীদের উপস্থিতিতে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণার্থী মৎস্যজীবীরা অর্জিত জ্ঞান ও আধুনিক কৌশল নিজ নিজ মৎস্য চাষ ও আহরণে প্রয়োগের মাধ্যমে লাভজনক ও টেকসই মাছ চাষে প্রত্যয় ব্যক্ত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯