প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০ (বুধবার)
সিলেট র‍্যাবের কব্জায় ৩ যুবক, যা উদ্ধার হল...

ছবি: সিলেট ভিউ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌণে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। 

 


আটককৃতরা হলেন- রাজশাহীর তানোর থানার শ্রীখন্ডা গ্রামের ইউনুস মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা (৪২), দামকুড়া থানার নতুন কসবা এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. মোরশালিন ওরফে রঞ্জু (১৯) ও হবিগঞ্জের মাধবপুর থানার জলবাংগা গ্রামের মো. খোরশেদ মিয়ার ছেলে মো. শাকিব মিয়া (২০)।

 


র‍্যাব জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌণে ৮টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৮৫ কেজি গাঁজা। এ সময় গাঁজা বহনে একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

 


র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-৪/আশিক-১১