প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (বুধবার)
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিখোঁজ

ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু নিখোঁজ হয়েছেন।
 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নবাবগঞ্জের খতিয়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।
 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম সেন্টু সোমবার রাতে বের হয়ে আর ফিরেননি। রাত ১২টার দিকে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করেন। পরে সেন্টুর মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক নবাবগঞ্জ থানা পুলিশকে জানালে তারা বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
 

মঙ্গলবার সকালে বাড়ির কাছেই কালিগঙ্গা নদীর পারে রক্ত দেখে পরিবারের লোকজন সন্দেহ করে। পরিবারের দাবি, সেন্টুকে কেউ হত্যা করে নদীতে ফেলে রাখতে পারে। পরে ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা তল্লাশি চালায়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো হদিশ মিলেনি। এদিকে নদীর পারে রক্তমাখা স্থানটি পুলিশ ঘেরাও করে রেখেছে।

নিখোঁজ ছাত্রদল নেতার ভাই বিপ্লব হোসেন জানান, তার ভাইকে কেউ হয়তো হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। তাদের সন্দেহ মোতাবেক নবাবগঞ্জ থানা পুলিশ ওই এলাকা থেকে দুজনকে আটক করেছে।
 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, ‘পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না নিখোঁজ নাকি হত্যা। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম আপাতত বলা যাবে না।’

তবে শিগগিরই ঘটনার মোটিভ উদঘাটন হবে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৪