ছবি: সিলেট ভিউ।
পথ হারিয়ে একটি ষাঁড় উঠে পড়েছিল দোকানের টিনের চালে। তবে চালে ওঠার পর আর নিচে নামার পথ না পেয়ে সেখানে আটকা পড়ে ষাঁড়টি। পরে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় ষাঁড়টিকে নিচে নামানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে মো. সরোয়ারের কম্পিউটার দোকানের টিনের চালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং ঘাস খায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের প্রধান ফটকের বিপরীতের একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠে লাফ দিয়ে পাশের টিনসেড কম্পিউটার দোকানের চালে চলে যায়। সেখানে গিয়ে নিচে নামার পথ না পেয়ে আটকা পড়ে ষাঁড়টি।
খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় ষাঁড়টিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
এদিকে, টিনের চালে দাঁড়িয়ে থাকা ষাঁড়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন।
ষাঁড়টির মালিক আবুল বশর বলেন, ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশেই ঘুরে বেড়ায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠল, তা বুঝতে পারছি না। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় কাঠ ও বাঁশ দিয়ে ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনি।'
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'বিষয়ে আমার কাছে কোনো খবর আসেনি। একটি ষাঁড় কীভাবে টিনের চালে উঠল, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।'
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.